ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৩:৪১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে চারটি গরু আটকের পর বিজিবি সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। মামলায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় রোমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হালুয়াঘাট থানায় মামলাটি করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কড়াইতলী বিওপির কোম্পানি কমান্ডার নায়েক রফিকুল ইসলাম। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং দণ্ডবিধির কয়েকটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে হালুয়াঘাট সীমান্তে নিয়মিত টহল দিচ্ছিলেন বিজিবি সদস্যরা। এ সময় সীমান্ত পিলার ১১১৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় এক হাজার গজ দূরে ঝলঝলিয়া এলাকায় ভারত থেকে অবৈধ পথে চারটি গরু আনার খবর পান তাঁরা। পরে ঘটনাস্থলে গিয়ে গরুগুলো আটক করেন বিজিবি সদস্যরা। আটক গরুর মধ্যে দুটি লাল ও দুটি সাদা রঙের। এজাহারে গরুগুলোর আনুমানিক মূল্য চার লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গরু নিয়ে ফেরার পথে ঝলঝলিয়া এলাকায় বিজিবি সদস্যদের পথরোধ করেন চোরাচালানে জড়িত ব্যক্তিরা। এ সময় দেশীয় অস্ত্র, ধারালো রামদা ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা আটক চারটি গরুর মধ্যে দুটি ছিনিয়ে নিয়ে যান। বাকি দুটি গরু নিজেদের হেফাজতে রাখেন বিজিবি সদস্যরা।

মামলার বিবরণ অনুযায়ী, হামলাকারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা সতর্কতামূলক চারটি ফাঁকা গুলি ছোড়েন। তবে একপর্যায়ে হামলাকারীরা আবারও তাঁদের ওপর আক্রমণ করেন। এ সময় ধস্তাধস্তির মধ্যে গুলি বের হয়ে রোমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। বিজিবি সদস্যদের অভিযোগ, হামলাকারীরা লাঠি দিয়ে তাঁদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।

মামলায় নাম উল্লেখ করা তিন আসামি হলেন হালুয়াঘাটের সংগ্রা গ্রামের তোলা মিয়ার ছেলে আতিকুল ইসলাম (৪০), বেতকুড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান (৩৫) এবং শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা গ্রামের আকবর আলীর ছেলে আবদুল্লাহ (৩৫)। তাঁদের পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।”

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement