পরাজিত শক্তি বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী বলেন, ভয়াবহ সংকটময় পরিস্থিতিতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। সেই কঠিন পরিস্থিতি থেকে দেশকে উত্তরণের জন্য সরকার প্রতিনিয়ত সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা ও গভীর আন্তরিকতা রয়েছে। এ কারণেই বিদ্যমান সংকটগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে সম্ভাব্য নাশকতার বিষয়ে সতর্ক করে রিজভী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ষড়যন্ত্র হতে পারে। এসব চক্রান্ত প্রতিহত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
-টিএস