শুটিংয়ের সময় দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। একটি দৃশ্য ধারণের সময় ক্যামেরাসহ চিত্রগ্রাহক (ডিওপি) তাঁর মুখের ওপর পড়ে গেলে নাক ও মুখে আঘাত পান তিনি। পরে হাসপাতালে গিয়ে এক্স-রে করান উর্বী। তবে তাঁর নাক ভাঙেনি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে দুর্ঘটনার বিবরণ দেন প্রিয়ন্তী উর্বী। তিনি জানান, রাজধানীর মহাখালীর ক্যান্সার ইনস্টিটিউটে একটি দৃশ্যের শুটিং চলছিল। দৃশ্যের প্রয়োজনে হাসপাতালের বেডে শুয়ে ছিলেন তিনি। অন্যরা বেডটি টেনে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। এ সময় ক্লোজ শট নেওয়ার জন্য ডিওপি বেডের ওপর উঠে তাঁর মুখের সামনে ক্যামেরা স্থাপন করছিলেন।
হঠাৎ বেডটি ঝাঁকি খেলে ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ উর্বীর ওপর পড়ে যান চিত্রগ্রাহক। এতে মুখে আঘাত পান তিনি। দুর্ঘটনার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয় এবং এক্স-রে করা হয়। বর্তমানে ব্যথানাশক ওষুধ ও অ্যান্টিবায়োটিক সেবন করছেন অভিনেত্রী।
ফেসবুক পোস্টে দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে উর্বী লেখেন, ‘এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’
তবে এ ঘটনায় শুটিংয়ের কারও প্রতি অভিযোগ নেই তাঁর। উর্বী মনে করেন, সবাই নিজেদের কাজ ঠিকভাবেই করছিলেন। এটি ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। কিন্তু দুর্ঘটনার কারণে তাঁকে যে শারীরিক যন্ত্রণা সহ্য করতে হয়েছে, সেটিও বাস্তব বলে উল্লেখ করেন তিনি।
অভিনেত্রী জানান, তাঁর নাক ভাঙেনি, যদিও বেশ ফুলে গেছে। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আহত হওয়ার পরও কাজে ফিরে শুটিংয়ে অংশ নিচ্ছেন উর্বী। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
শুটিংয়ের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়ে উর্বী বলেন, সব ধরনের সাবধানতা অবলম্বন করেও দুর্ঘটনা এড়ানো সব সময় সম্ভব হয় না। নিজের ফেসবুক পোস্টের শেষে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন তিনি।
প্রিয়ন্তী উর্বী ২০১৯ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নিয়ে আলোচনায় আসেন। ২০২১ সালে অনিরুদ্ধ রাসেলের ‘ভেজা বেড়াল’ নাটকের মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন। পরে মেজবাউর রহমান সুমনের ‘কোথায় পালাবে বলো রূপবান’ দিয়ে ওটিটি মাধ্যমে পরিচিতি পান।
তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’, ‘অপলাপ’ ও ‘এই মুহূর্তে’, ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘কালপুরুষ’। এ ছাড়া ‘নীলচক্র’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।
এফএস