সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি ট্যাক্সি ও ট্রাকচালকসহ দক্ষ কর্মীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন ও বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত। মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান মুসলিম ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে আলোচনা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সুসংহত হওয়ার বিষয়টি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বৈঠকে সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিক আলোচনার অগ্রগতিও পর্যালোচনা করা হয়।
দুই দেশের ঐতিহ্যবাহী কূটনৈতিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়া, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তাঁরা।
বিশেষ করে আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ও ট্রাকচালক হিসেবে কাজের সুযোগ সৃষ্টি এবং আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বাংলাদেশে আমিরাতের বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং কৌশলগত অবকাঠামো ও শিল্প খাতে নতুন অংশীদারত্ব গড়ে তোলার বিষয়েও কথা বলেন তাঁরা।
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা।