সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর কিছুক্ষণ আগে সম্ভাব্য আকাশপথের হামলার হুমকি জানিয়ে দেশটির বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের বরাতে জানা যায়, সতর্কবার্তায় বাসিন্দাদের শান্ত থাকতে এবং ঘরের ভেতরে অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়। পাশাপাশি জানালা ও দরজা থেকে দূরে থাকার নির্দেশনা দেওয়া হয়।
তবে বিস্ফোরণের প্রকৃত কারণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে সৌদি আরবের সামরিক জোট। দেশটির সামরিক মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিয়াদে শোনা বিস্ফোরণের শব্দ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ছোড়া প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের কারণে হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: রয়্যাল নিউজ
-টিএস