এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের সংবর্ধনা, মেধাবৃত্তি ও শুভেচ্ছা উপহার দিয়েছে রাজশাহী জেলা পুলিশ।
সোমবার রাজশাহী পুলিশ লাইন্সের ড্রিলশেডে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, মেধাবৃত্তি ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার পাশাপাশি পরিবার ও বাংলাদেশ পুলিশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. মামুন অর রশিদ শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পাশাপাশি মেধার বিকাশে জেলা পুলিশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা এ স্বীকৃতিকে উচ্চশিক্ষা অর্জন ও নিজেদের লক্ষ্য পূরণে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন অভিভাবকেরাও।
এসএ/আরএন