রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় ইয়াবার চালান বহনের সময় ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আটক ব্যক্তিরা হলেন যশোরের বেনাপোল পোর্টের গয়রা এলাকার মূল মাদক কারবারি মো. রমজান আলী (৩৪), ট্রাকচালক দিঘীপাড়ার মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং চালকের সহকারী কাগমারীর মো. আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় যানবাহনে তল্লাশি চালায়। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী ঢাকা-মেট্রো-ট-১৮-১১১৮ নম্বরের ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাকে তল্লাশি চালানো হয়।
তিনি আরও বলেন, তল্লাশির সময় ট্রাকচালকের পেছনে শুয়ে থাকা রমজানের মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মূল মাদক কারবারি, ট্রাকচালক ও তাঁর সহকারীসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত ট্রাক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসআই/আরএন