ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৮, ১৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে প্রথম ধাপে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের জন্য তথ্য সংগ্রহকারীদের মধ্যে ট্যাব বিতরণ করেছে সমাজসেবা বিভাগ।
রোববার দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবউদ্দিন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সংগ্রহকারীদের হাতে ট্যাব তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, বিভাগীয় সমাজসেবা পরিচালক শামছুন নাহার, উপপরিচালক রাজু আহমেদ এবং জেলা সমাজসেবা কর্মকর্তা মির্জা নিজুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিটি প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য ফ্যামিলি কার্ড, খানা তথ্যভান্ডার এবং তথ্য সংগ্রহ নির্দেশিকা-২০২৬ প্রণয়ন করা হয়েছে। এ কার্যক্রমে নিয়োজিত কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
তিনি বলেন, তথ্য সংগ্রহকারীরা বিশেষায়িত ট্যাব ব্যবহার করে মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করবেন। পরে সংগৃহীত তথ্য সরাসরি অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত করা হবে।
কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মোবাইল সিম কার্ড সংগ্রহ, নেটওয়ার্কভিত্তিক সাইবার নিরাপত্তা ব্যবস্থা এবং ওয়ার্কফোর্স ম্যানেজমেন্ট নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি) কক্ষ স্থাপনসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি। ডেটাবেজ থেকে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।
রুকুনোজ্জামান সরকার রোকন আরও বলেন, চলতি অর্থবছরে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরে সব যোগ্য নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
এসএস