ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৫ বছর বয়সী মেয়ের বাল্যবিবাহ দেওয়ায় তার বাবা কদ্দুছ মিয়াকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠাতে নিষেধ করা হয়েছে। বিয়েটি নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং তাঁর নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৫(১) ও ৫(৩) ধারায় কদ্দুছ মিয়াকে অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার রাতে কিশোরীর বিয়ে নিবন্ধন করেন কাজী ওবায়দুল্লাহ। খবর পেয়ে প্রশাসন সোমবার অভিযান চালালেও ঘটনাস্থলে কাজিকে পাওয়া যায়নি। তাঁকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁর নিবন্ধন বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজহুরা ও ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ে আইনত বাল্যবিবাহ। এ ধরনের বিয়ে প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। খবর পাওয়ার পরপরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরীর বাবাকে জরিমানা করা হয়েছে। মেয়েটির ১৮ বছর পূর্ণ হওয়ার আগে তাকে স্বামীর বাড়িতে পাঠানো যাবে না।
বিয়েটি নিবন্ধনকারী কাজী ওবায়দুল্লাহকে খুঁজে বের করে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর নিবন্ধন বাতিলের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এইচএস/এসএস