পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৩ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের একটি গর্ত থেকে প্রায় ৮ ফুট লম্বা ও ১০ কেজি ওজনের অজগরটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে নিজেদের হেফাজতে নেন।
স্থানীয় বাসিন্দা ইসরাইল জানান, সকালে বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বন বিভাগকে খবর দেওয়া হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হুদা জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট এবং ওজন আনুমানিক ১০ কেজি। সাপটিকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তী সময়ে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
তবে অজগর দুটি কোথা থেকে এসেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমআই/এসএস