আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি বেছে নিয়েছেন বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ ১০ তারকাকে। সেই তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের তরুণ ফুটবলার তোমাস আরান্দা।
মেসির কাছ থেকে এমন স্বীকৃতি পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তরুণ।
২০২৬ বিশ্বকাপের আগে আর্জেন্টিনা জাতীয় দলের প্রস্তুতি পর্বে কয়েক সপ্তাহ মেসির সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন আরান্দা।
সেখানেই এই তরুণ প্লেমেকারের খেলা কাছ থেকে দেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় বর্তমানে মাঠের বাইরে রয়েছেন বোকা জুনিয়র্সের এই প্রতিভাবান ফুটবলার।
তিনটি দাগের জন্য পরিচিত একটি বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মেসি ভবিষ্যতের ১০ তারকার নাম তুলে ধরেন। সেখানে বলা হয়, ‘খেলার ভবিষ্যৎ নতুন করে লিখবে এমন ১০টি অধ্যায়।
এই গল্পের কেবল শুরু।’
মেসির তালিকায় আরান্দার পাশাপাশি জায়গা পেয়েছেন তুরস্কের জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের ফুটবলার জান উজুন, মেক্সিকোর তিজুয়ানার গিলবার্তো মোরা, ইংল্যান্ডের আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, যুক্তরাষ্ট্রের ক্রিস্টাল প্যালেসের জাভিয়ের গোজো, স্পেনের কোমো ১৯০৭-এর হেসুস রদ্রিগেস এবং নেদারল্যান্ডসের এজেড আলকমারের কিস স্মিট।
নারী ফুটবলেও তিন প্রতিভাকে বেছে নিয়েছেন মেসি। তারা হলেন ইংল্যান্ডের চেলসির ক্লোয়ি সারউই, ব্রাজিলের ওএল লিওনের জিওভান্না ওয়াকসম্যান এবং জার্মানির হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।
সম্প্রতি বেনিনের বিপক্ষে মনুমেন্তাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচ দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানান মেসি। এরপর থেকে ইন্টার মায়ামির হয়ে খেলায় মনোযোগ দিয়েছেন তিনি। এমএলএসে ডিসি ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে জোড়া গোল করে ক্লাবের হয়ে নিজের সাম্প্রতিক ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই মহাতারকা।
মেসির বেছে নেওয়া ১০ তরুণ তারকা
১. তোমাস আরান্দা (আর্জেন্টিনা, বোকা জুনিয়র্স)
২. জান উজুন (তুরস্ক, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)
৩. গিলবার্তো মোরা (মেক্সিকো, তিজুয়ানা)
৪. ম্যাক্স ডাউম্যান (ইংল্যান্ড, আর্সেনাল)
৫. জাভিয়ের গোজো (যুক্তরাষ্ট্র, ক্রিস্টাল প্যালেস)
৬. হেসুস রদ্রিগেস (স্পেন, কোমো ১৯০৭)
৭. কিস স্মিট (নেদারল্যান্ডস, এজেড আলকমার)
৮. ক্লোয়ি সারউই (ইংল্যান্ড, চেলসি)
৯. জিওভান্না ওয়াকসম্যান (ব্রাজিল, ওএল লিওন)
১০. লোটা ভ্রেডে (জার্মানি, হামবুর্গ এসভি)
এসএ