পঞ্চগড় জেলা কারাগারের সাবেক জেলারকে সরকারি অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কারাগারের খোরাকি রেশন খাত থেকে এক কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সাবেক জেলার আব্দুল ফাত্তাহর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হয়। তদন্তে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৭টি ভুয়া বিল পাস করে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।
তদন্তে আরও উঠে এসেছে, কয়েদির সংখ্যা কম থাকা সত্ত্বেও অতিরিক্ত খাদ্য বরাদ্দের আবেদন করা হয়েছিল। এ ছাড়া কেনাকাটা ও অর্থ পরিশোধের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।
বিভাগীয় তদন্ত ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
এফএস