খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসলে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ সার্বিক খোঁজ খবর নেওয়ার নির্দেশ দেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।
রোববার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে সাইফুলকে ভর্তি করা হয়।
সাইফুলের চিকিৎসা সম্পর্কে ডাক্তার নুরুজ্জামান জানান, ‘আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে এবং সাইফুলের চিকিৎসার কার্যক্রম চলমান থাকবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন- অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, খান সাইফুল ২০১৩ সালে ফ্যাসিস্ট সরকারের পুলিশের নির্যাতনের শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগছিলেন। পূর্বে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করা হয়েছিল।
টিআই