রাজশাহীর বাঘায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে পদ্মা নদী থেকে জব্দ করা ১ লাখ টাকা মূল্যের ৩ হাজার মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার পদ্মা নদীর তীরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যার উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হকের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা নদীর চকরাজাপুর ইউনিয়নের আতারপাড়া, লক্ষ্মীনগর, কালিদাসখালী, চৌমাদিয়া, মীরগঞ্জ, আলাইপুর ও পানিকুমড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যান জেলেরা। পরে এসব জাল উদ্ধার করে আলাইপুর বিজিবি ক্যাম্পের নিচে পদ্মা নদীর তীরে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা বলেন, মা ইলিশ সংরক্ষণে পদ্মা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় তিন হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, “কারেন্ট জাল মাছের বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং জীববৈচিত্র্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে। এ ধরনের অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে পদ্মা নদীতে মাছ ধরছিলেন।”
এএইচ/আরএন