পাকিস্তানকে ৩২ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। রোববার ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে স্বাগতিকদের হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে জুনিয়র টাইগ্রেসরা।
ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ রান করেন সাদিয়া ইসলাম। মাত্র ২৮ বলের ইনিংসে তিনটি চার ও দুটি ছক্কায় ৪৪ রান তিনি।
এছাড়া শিরিনা খাতুন ৪০ বলে ৩২ এবং নিশিতা আক্তার নিশি ২০ বলে ২০ রান করেন। শেষ দিকে সাদিয়া আক্তারের ৭ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংসে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান।
ওপেনার রাভাইল ফারহান ২৬ বলে ৩৬ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে আকসার ৩২ বলে ২৩ এবং রোজিনার ১৬ বলে ১৩ রানের ইনিংস জয়ের জন্য যথেষ্ট ছিল না। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রানেই থামে পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ফারজানা ইয়াসমিন। তিনি তিনটি উইকেট নেন। নিশিতা আক্তার নিশি শিকার করেন দুটি উইকেট। এছাড়া আফরিন মিম, অপর্ণা দাস তিথি ও জান্নাতুল ফেরদৌসি একটি করে উইকেট নেন।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
এসএস