দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যার প্ররোচনার মামলায় ফের জামিন পাননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রোববার (১১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।
ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই মামলায় নজরুলের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত। ওই শুনানিতে আসামিপক্ষ মরিয়মের পরিবারের সঙ্গে আপসের কথা তুলে ধরে আদালতে একটি আপসনামা উপস্থাপন করে। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে জানায়, আত্মহত্যার প্ররোচনার মামলাটি আপসের মাধ্যমে নিষ্পত্তির সুযোগ নেই।
আগের শুনানিতে আদালত পর্যবেক্ষণে বলেন, ১৯ বছর বয়সী মরিয়মকে প্রলুব্ধ করে বিয়ে করার অভিযোগ রয়েছে। সংসদ সদস্যের বাসায় তার হেফাজতে থাকা অবস্থায় মরিয়মের মৃত্যু হয়। এমন পরিস্থিতিতে আপসনামা বা এফিডেভিটের ভিত্তিতে জামিন দেওয়া হলে সমাজে আইনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে।
মরিয়মের বাবা ও মামলার বাদী এস এম মাসুম বিল্লাহ এর আগে জানিয়েছিলেন, তিনি মেয়ের মৃত্যুর বিচার চান। তবে পারিবারিক সম্পর্ক ঠিক রাখতে আপসনামায় স্বাক্ষর করেছেন। তিনি মরিয়মের মৃত্যুর জন্য তার শ্যালক ও মরিয়মের মামা ওবায়দুর রহমানকে বেশি দায়ী করেন বলেও জানিয়েছিলেন।
গত ২০ সেপ্টেম্বর রাজধানীর সংসদ ভবনের বিপরীতে নায়েম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন।
মামলায় নজরুলকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর নজরুল ও মাকসুদা জামিনের আবেদন করেন। সেদিন মাকসুদা জামিন পেলেও নজরুলের আবেদন নামঞ্জুর করেন আদালত। এরপর আবারও জামিনের আবেদন করেন নজরুল। সর্বশেষ রোববারও তার জামিন আবেদন নামঞ্জুর হলো।
এসএস