নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃতির চেষ্টার অভিযোগে করা মামলায় স্টেট ডায়ালগ ফোরামের সদস্যসচিব এ এন এম আয়াসসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (১১ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জশিতা ইসলাম শুনানি শেষে আয়াস ও মো. সাকিবুল হাসানের তিন দিন করে এবং সুজন মিয়া ও মারজিয়া খন্দকার রিমির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে পুলিশ। মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুল গাফফার হিমেল চার আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।
রোববার শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি দেয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত আসামিদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের অভিযোগে করা মামলায় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্যসচিব আ ন ম আয়াসসহ চারজনের ১০ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ।
এসএস