মেজর লিগ সকারে (এমএলএস) দারুণ এক জয় পেয়েছে ইন্টার মায়ামি। ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়ে জয়ে ফিরেছে লিওনেল মেসির দল। ম্যাচে জোড়া গোল করেছেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।
শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলে নিজেদের মাঠে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মায়ামি। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
বিরতির পরও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে স্বাগতিকেরা। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন মেসি। এরপর ৬০ মিনিটে ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
জয়ের ফলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার হতাশা কাটাল মায়ামি। একই সঙ্গে পূর্বাঞ্চলীয় কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসার সুযোগ পায় দলটি।
মেসি ও সুয়ারেজের জোড়া গোল মায়ামির আক্রমণভাগের শক্তিমত্তারই প্রমাণ। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এমন জয় দলটির প্লে-অফের লড়াইয়ে আত্মবিশ্বাস বাড়াবে।
এফএস