রাজবাড়ীর পদ্মা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালকে কেন্দ্র করে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি নৌকা ডুবে যায় এবং অন্তত ২০ জন আহত হন।
শনিবার সন্ধ্যায় রাজবাড়ীর লালগোলা এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাইনাল প্রতিযোগিতার শেষ পর্যায়ে দুই নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে প্রায় ৮০ জন মাঝি-মাল্লা বহনকারী একটি নৌকা নদীতে ডুবে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।
পরে নৌপুলিশ ও অন্যান্য নৌযানের সহায়তায় আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ৮টা পর্যন্ত আহতদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁদের মধ্যে ১২ জন ডুবে যাওয়া নৌকার যাত্রী।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিযোগিতার শেষ দিকে এক নৌকার প্রতিযোগীদের ওপর অন্য নৌকার লোকজন লগি-বৈঠা নিয়ে হামলা চালান। এতে নৌকাটি ডুবে যায়। ঘটনার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান স্থগিত করা হয়।
নৌপুলিশ জানায়, ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ রয়েছেন। এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ফিরিয়ে আনা এবং যুবসমাজকে মাদক থেকে দূরে রাখার লক্ষ্য নিয়ে গত বৃহস্পতিবার পদ্মা নদীতে তিন দিনব্যাপী এ নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এফএস