পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর প্রাথমিক সম্মতি পাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন পটুয়াখালীবাসী।
শহরের সুরাইয়া ভবন থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান শহর প্রদক্ষিণ শেষে স্থানীয় বনানী চত্বরে এক সংক্ষিপ্ত পথ সভার মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপি নেতা এডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে পটুয়াখালী শহরের নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন ও নগর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
মিছিল থেকে পটুয়াখালী পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়। পাশাপাশি এ উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ পটুয়াখালীর উন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
জেএইচ/এসএ