নোয়াখালীর সেনবাগে দুরারোগ্য রোগের যন্ত্রণা সইতে না পেরে রাসায়নিক পদার্থ (এসিড) পান করে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত যুবকের নাম দোলন কুমার বণিক (৩০)। তিনি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামের বণিক বাড়ির মানিক লাল বণিকের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর মোহাম্মদপুর গ্রামের বাড়ির পাশের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দোলন দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। ভারতসহ বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও তিনি সুস্থ হননি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে বাড়ির পাশের একটি বাগানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, রোগের যন্ত্রণা সইতে না পেরে তিনি সেখানে এসিড পান করেন। এতে তাঁর পরনের কাপড় পুড়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এমআর/আরএন