রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪০টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৫ জন, মতিঝিলে ৮২ জন, তেজগাঁওয়ে ৭৯ জন, মিরপুরে ৯০ জন, গুলশানে ৪৭ জন এবং উত্তরা বিভাগে ৪৩ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ ১১ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ ৭৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ১ হাজার ৪৪২ পিস ইয়াবা, ৭ গ্রাম হেরোইন ও ২ ক্যান বিয়ার উদ্ধার করে। এ ছাড়া একটি কাভার্ড ভ্যান, দুটি মোটরসাইকেল, ৯টি মোবাইল ফোন, নগদ ২ হাজার ৪০০ টাকা এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
ডিসি মো. আকতার হোসেন জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরএন