রাজশাহীর মাস্টারপ্ল্যান অনুযায়ী পদ্মা নদীর পাড় দিয়ে রিভার ড্রাইভ এবং বারনই নদীর পাশে নতুন সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পরিচ্ছন্ন, সবুজ ও শান্তিপূর্ণ রাজশাহী গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর সিটি হাট চত্বরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিত ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে নগরবাসী উন্নয়নের দৃশ্যমান অগ্রগতি দেখতে পাবেন। পানির লাইন স্থাপনের কারণে ক্ষতিগ্রস্ত সড়কগুলোও এ সময়ের মধ্যে সংস্কার করা হবে। রাসিক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে উন্নয়নকাজ এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, বন্ধ থাকা উন্নয়নকাজ দ্রুত চালু করা হবে। এর মধ্যে সোনাদীঘি মসজিদ ও বাঁধের উন্নয়নকাজ রয়েছে। নগরীকে আরও সবুজ ও দৃষ্টিনন্দন করতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।
-টিএস