গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আরও দুই বিকাশ কর্মকর্তা ও চালককে মারধর করে টাকাভর্তি দুটি বস্তা নিয়ে পালিয়ে যায় তারা। প্রাথমিক ধারণা, ছিনিয়ে নেওয়া টাকার পরিমাণ প্রায় আড়াই কোটি টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিংগা আঞ্চলিক সড়কের কর্ণপুর গ্রামের বনবেষ্টিত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হিমেল (৩৫) মাওনা এলাকার বিকাশের ক্যাশ ম্যানেজার। আহত অন্যরা হলেন ডিসিএম মো. ফাহাদ হোসেন (৩০), সুপারভাইজার রিফাত (২০) ও গাড়িচালক লাল মিয়া (২৫)।
আহতদের ভাষ্য, নরসিংদীর বিভিন্ন বিকাশ এজেন্টের কাছ থেকে প্রায় চার কোটি টাকা সংগ্রহ করে তিনটি বস্তায় ভরে তাঁরা মাওনার দিকে যাচ্ছিলেন। পথে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির পথ আটকে কাচ ভেঙে ভেতরে ঢোকে। তারা হিমেলের পেটে গুলি করে এবং অন্যদের মারধর করে। পরে তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়।
আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হিমেলকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য তিনজন সেখানে চিকিৎসা নেন।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিকাশের পক্ষ থেকে পুলিশ বা ৯৯৯ নম্বরে ঘটনার বিষয়ে জানানো হয়নি। টাকা পরিবহনে পুলিশের নিরাপত্তাও নেওয়া হয়নি। ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-টিএস