টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা গ্রামে রাতের আঁধারে এক কৃষকের কলাবাগানের প্রায় ২০০টি কলার কাঁদি কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে দুই লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক মিজানুর রহমান বিপ্লব। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লবের এক বিঘা জমির কলাবাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে বাগানটি পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কৃষক মিজানুর রহমান বিপ্লব জানান, অনেক টাকা ব্যয় করে তিনি এক বিঘা জমিতে কলার চাষ করেছিলেন। বাগানে ভালো ফলনও হয়েছিল এবং কলাগুলো বাজারজাত করার উপযোগী হয়ে উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের প্রায় ২০০টি কলার কাঁদি কেটে ফেলে দেয়।
তিনি বলেন, “অনেক স্বপ্ন নিয়ে কলাবাগান করেছিলাম। কলাগুলো বাজারজাত করার উপযোগী হয়েছিল। এর মধ্যেই শত্রুতার জেরে কে বা কারা রাতের অন্ধকারে এমন ঘটনা ঘটিয়েছে। এতে আমি একেবারে পথে বসে গেছি।”
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষতি কাটিয়ে আবারও কলার চাষ শুরু করতে কৃষি বিভাগ ও সরকারের সহযোগিতা চেয়েছেন বিপ্লব। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
স্থানীয় আবুল কালাম, হাবেল উদ্দিন, নাহিদ আলম শামীম ও আলমগীর হোসেনসহ এলাকাবাসী ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান মাসুদ জানান, ঘটনাটি জানার পরপরই বীরতারা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামকে ক্ষতিগ্রস্ত কলাবাগান পরিদর্শনে পাঠানো হয়েছে।
এইচআর/এসএস