প্রতীকী ছবি
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার তাজপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো-চ ৭১-২৯৪৯) ও একটি হাইয়েস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৫০৫৩) এবং শেরপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-৪৮৪৪) মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন চাঁদপুর সদর উপজেলার মহামায়া গ্রামের মাইক্রোবাসযাত্রী সুহেল আহমদ (৪৭) এবং চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খায়রুল ইসলাম (৪৭)।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।
দ্রুতগতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান ওসি।
এসএস