লক্ষ্মীপুর পৌরসভায় বেতন-ভাতা বাড়ানো এবং নতুন নিয়োগ বাতিলের দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে শহরের বর্জ্য অপসারণ কার্যক্রম। প্রতিবাদের অংশ হিসেবে সড়কে ময়লা ফেলে রাখায় বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ জমেছে। এতে ছড়াচ্ছে দুর্গন্ধ, ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
সড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা বর্জ্যের কারণে শহরের পরিবেশ দূষিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে আবর্জনা পড়ে থাকলে জনস্বাস্থ্যের ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
পরিচ্ছন্নতা কর্মীদের দাবি আদায়ের আন্দোলনে শহরের স্বাভাবিক পরিবেশ ও জনজীবন ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। তাদের মতে, দাবি-দাওয়া নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হতে পারে; তবে সড়কে ময়লা ফেলে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা কোনোভাবেই কাম্য নয়।
এ পরিস্থিতিতে দ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম স্বাভাবিক করা, সড়ক থেকে জমে থাকা বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট সমাধানে পৌর কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান স্থানীয় বাসিন্দারা।
এফএস