কুষ্টিয়ার কুমারখালীতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৯ অক্টোবর) সকালে স্থানীয়রা মন্দিরে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুর করেছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন মন্দিরটি পরিদর্শন করেন। তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
এফএস