ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিতে ট্রাক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী গ্রামের আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জের গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলি এলাকার মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
শফিকুর রহমান শাহীন / এফএস