কুষ্টিয়ার দৌলতপুরে ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে মারাকাজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ আশিকুল্লাহর (৪০) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা তাঁকে আটকে রাখেন। পরে পুলিশ তাঁকে হেফাজতে নেওয়ার উদ্যোগ নিলে স্থানীয়দের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১০টা থেকে ১১টার মধ্যে দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগকারী মাদ্রাসাছাত্র ফরহাদ (১৩) উপজেলার মালিথাপাড়া গ্রামের বাসিন্দা মিঠুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাদ্রাসায় ওই শিক্ষার্থীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণ ও যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ ওঠে। পরে শিক্ষার্থী বিষয়টি তার বাবাকে জানালে এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত অধ্যক্ষকে আটকে রাখেন।
খবর পেয়ে ওসি খালিদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশ হেফাজতে নেওয়ার উদ্যোগ নিলে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি বাধা দেন। এ সময় তাঁকে মারধরের চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি ও সংঘর্ষের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষে ওসি খালিদুর রহমানসহ অন্তত ১০ জন আহত হন। তবে আহত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এদিকে, স্থানীয় কয়েকজনের দাবি, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে এর আগেও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ উঠেছিল। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
শিক্ষার্থীর বাবা মিঠু বলেন, “লোকমুখে জানতে পারি, মাদ্রাসার অধ্যক্ষ মাঝেমধ্যেই আমার ছেলের সঙ্গে এ ধরনের আচরণ করতেন। পরে ছেলেকে জিজ্ঞাসা করলে সে আমাকে বিস্তারিত জানায়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ আশিকুল্লাহর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি যশোর জেলার বাসিন্দা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটি গ্রামে তাঁর শ্বশুরবাড়ি।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
এসআই/ এফএস