পাবনার ঈশ্বরদীতে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অভিযোগে এক মাছ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এসময় ১০ কেজি জেলিমিশ্রিত চিংড়ি জব্দ করে মাটিচাপা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে ঈশ্বরদী পৌর শহরের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মি শিরিন উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, মাছের ভেতরে ক্ষতিকর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে খবর পেয়ে ঈশ্বরদী মাছ বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি দোকানে বিক্রির জন্য রাখা জেলিযুক্ত চিংড়ি মাছের সন্ধান পাওয়া যায়। পরে সেখান থেকে ১০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
জেলিযুক্ত চিংড়ি বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জব্দ করা চিংড়ি মাটিতে পুঁতে ফেলা হয়।
সূত্র আরও জানায়, মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বাজারের বিভিন্ন মাছের দোকানেও তল্লাশি চালানো হয়। তবে অভিযানে কোনো মা ইলিশ বা ইলিশ মাছ পাওয়া যায়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, মা ইলিশ সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ইলিশ মাছ না পাওয়া গেলেও জেলিযুক্ত চিংড়ি মাছ পাওয়া গেছে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত মাছ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিআই