নিরাপত্তার স্বার্থে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই নিজস্ব পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট দেশের বিচার অঙ্গনের সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এখানকার বিভিন্ন ভবনের আদালতকক্ষে বিচারকার্য পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি, উভয় বিভাগের বিচারপতি, মামলা পরিচালনায় নিয়োজিত আইনজীবী এবং সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ কারণে এর আগে সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল।
রাতে অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি রাতে সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। এতে আদালত এলাকার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ অবস্থায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশের সময় সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার অনুরোধ করা হয়েছে।
জরুরি প্রয়োজনে ওই সময়ে কেউ সুপ্রিম কোর্ট এলাকায় প্রবেশ করলে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা দাপ্তরিক পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
সুপ্রিম কোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি আন্তরিক সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।
এফএস