লক্ষ্মীপুরের কমলনগরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুরাদ হোসেন (৩৮) ও শামীম প্রকাশ শাহিন (২৬) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাতে কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালা মসজিদ এলাকার নিমাই স্যারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেব চক্রবর্তী বাদী হয়ে কমলনগর থানায় একটি ডাকাতি মামলা করেন।
মামলা দায়েরের পর ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা এলাকায় অভিযান চালিয়ে মুরাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে একই অভিযানের ধারাবাহিকতায় রামগতি উপজেলার বালুরচর ইউনিয়নের সুজন গ্রাম থেকে শামীম প্রকাশ শাহিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ডাকাতির ঘটনায় লুট হওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত বলেন, “ডাকাতি মামলাটির তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মুরাদ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। একই সঙ্গে সে তার সহযোগীদের নামও প্রকাশ করেছে।”
তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হবে।”