বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনারবাংলা এলাকায় প্রাইভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তাওহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজী টেলিভিশনের স্টিকার বা লোগোযুক্ত একটি প্রাইভেটকার গৌরীচন্না এলাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। পথে সোনারবাংলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাওহিদুল ইসলাম নিহত হন।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে বাবলু নামে এক আহতের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহত তাওহিদুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার বদরখালী এলাকায়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহদাত হাসনাইন পারভেজ জানান, দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস