দেশে আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৭ টাকা ৬ পয়সা বাড়িয়ে ১৮২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি। এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে নতুন দামে দাম বেড়েছে প্রায় ১০ দশমিক ৩০ শতাংশ।
বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর গড় প্ল্যাটস রেট এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। শুল্ক ও মূসকমুক্ত প্রতি লিটারের দাম ১ দশমিক ০৭৭০ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ১৮৮২ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নতুন নির্ধারিত দাম ৭ অক্টোবর দিনগত রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এসএস