নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধের কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দে চালকলটির বয়লার বিস্ফোরিত হয়। এতে চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় শ্রমিকরা দিক-বিদিক ছোটাছুটি শুরু করেন এবং আতঙ্কিত হয়ে পড়েন। পরে ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা এসে দেখেন, চাতালে আব্দুল খালেক পড়ে আছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন।
ঘটনার সময় ওই চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি জানান, হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে আর কিছুই দেখা যাচ্ছিল না। পরে ফিরে এসে দেখেন, খালেক ভাই পড়ে আছেন।
হামিদা বেগম বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদে কাজ করতে চাই।”
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে কী কারণে এ বিস্ফোরণ ঘটেছে, তা বলা যাবে।
তিনি আরও বলেন, নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেএইচ/আরএন