সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১তম গ্রেডভুক্ত প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের পদ্ধতি আইবাস++-এ যুক্ত করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। তবে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে জিও (সরকারি আদেশ) জারির তারিখের আগের কোনো আর্থিক বকেয়া পাবেন না প্রধান শিক্ষকেরা।
মঙ্গলবার (৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন-২ অনুবিভাগের বাস্তবায়ন-৮ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। সিনিয়র সহকারী সচিব ফাতেমাতুজ জোহরা স্বাক্ষরিত নির্দেশনায় আইবাস++-এ ১০ম গ্রেড অনুযায়ী বেতন নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারির তারিখের আগে কোনো আর্থিক বকেয়া প্রধান শিক্ষকেরা প্রাপ্য হবেন না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০২৩ সালের ২৭ জুলাইয়ের দুটি চিঠির পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৫ ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদ ১০ম গ্রেডে উন্নীত করা হয়। তবে এতদিন তারা ১০ম গ্রেড অনুযায়ী বেতন পাচ্ছিলেন না। নতুন নির্দেশনার ফলে আইবাস++-এর মাধ্যমে ১০ম গ্রেডে বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে যাবে। তবে এ জন্য প্রশাসনিক মন্ত্রণালয়কে জিও জারি করতে হবে।
আরএন