শেখ জায়েদ দিবস উপলক্ষে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে শীর্ষস্থান অর্জনকারী নয়জন ইয়াতিম শিক্ষার্থী উমরাহ পালনের সুযোগ পেয়েছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং সংস্থাটির বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে তাদের পবিত্র উমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে।
গত বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার হোটেল ভিস্তানায় আয়োজিত এক সম্মাননা অনুষ্ঠানে উমরাহ পালনে সৌদি আরবগামী ইয়াতিম শিক্ষার্থীদের হাতে ভিসা, ইহরামের পোশাক ও নগদ হাদিয়া তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের বৈদেশিক সহায়তা শাখার প্রধান রশীদ আল মিল, জামিয়াতুন নুর আল কাসেমিয়ার মুহতামিম ও খালপাড় জামে মসজিদের খতিব মুফতি নাজমুল হাসান কাসেমী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জামে মসজিদের ইমাম ও খতিব ড. মাহমুদুল হাসান, মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, বায়তুস সালাম মাদ্রাসার মুহতামিম মনসুর আহমদ এবং শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর ফয়সাল আহমদ।
সংস্থাটি জানায়, গত রমজান মাসে শেখ জায়েদ দিবস উপলক্ষে শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ অফিসের তত্ত্বাবধানে পরিবারভিত্তিক ইয়াতিম শিক্ষার্থীদের জন্য হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১০, ১৫ ও ৩০ পারা গ্রুপে ইয়াতিম শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিটি গ্রুপে শীর্ষস্থান অর্জনকারীদের মধ্য থেকে মোট নয়জনকে পবিত্র উমরাহ পালনের জন্য নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ইয়াতিম শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষা ও নৈতিক বিকাশে সমাজের বিত্তবান ব্যক্তি ও সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
-টিএস