পটুয়াখালীতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারত থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২১ হাজার কেজি জিরা জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় জিরা বহনকারী একটি কার্গো বোটও জব্দ করা হয়। জব্দ করা জিরার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সদর থানার লোহালিয়া নদীসংলগ্ন পালপাড়া এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী। এ সময় নদীতে সন্দেহজনক একটি কার্গো বোটের গতিবিধি দেখে সেটিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে কার্গো বোট থেকে ভারতীয় ২১ হাজার কেজি জিরা উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের দাবি, এসব জিরা কোনো ধরনের শুল্ক-কর পরিশোধ না করে অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছিল। পরে জিরাসহ কার্গো বোটটি জব্দ করা হয়।
তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কার্গো বোটে থাকা চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা জিরা ও কার্গো বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।