পিরোজপুর সদর উপজেলায় অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নিচ থেকে লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে উপজেলার বেকুটিয়া সেতু এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে শারিকতলা ইউনিয়ন বিএনপির সভাপতি হেমায়েত বেপারী রয়েছেন। তবে বাকি আটজনের পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, আটক ব্যক্তিদের অধিকাংশই বিএনপির নেতাকর্মী।
এ বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে হেমায়েত বেপারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, গভীর রাতে সেতুর নিচ থেকে সরকারি মালামাল চুরির সময় নয়জনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
-টিএস