কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের দাবি, বিএসএফ তাদের বাংলাদেশি মনে করে ধরে নিয়ে বাংলাদেশ সীমান্তে গুলি করে ফেলে রেখে যায়। তবে বিজিবি বলছে, সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি।
রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) তাদের সেখান থেকে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন ভারতের আসাম রাজ্যের দক্ষিণ শালমারা-মানকাচর জেলার সুখচর থানার বড়বালু এলাকার আব্দুল মজিদ মণ্ডলের ছেলে আব্দুল আলীম এবং মৃত আব্দুল করিম শেখের ছেলে ইসমাইল হোসেন।
হাসপাতালে চিকিৎসাধীন ইসমাইল হোসেন দাবি করেন, ভারতীয় সীমান্তের অভ্যন্তরে বিএসএফ তাদের বাংলাদেশি মনে করে আটক করে। পরে তাদের বাংলাদেশ সীমান্তের কাছে নিয়ে গুলি করে ফেলে রেখে যায়।
তবে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুল হক জানিয়েছেন, সীমান্তে কোনো গুলির ঘটনা ঘটেনি।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গুলিবিদ্ধ দুই ভারতীয় নাগরিকের মধ্যে আব্দুল আলীমের অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রয়োজনীয় চিকিৎসা বিনামূল্যে দেওয়া হচ্ছে। পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী গ্রহণ করবে।
আহত দুই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে দাবি করেছেন। তাদের পরিচয় ও কীভাবে তারা বাংলাদেশে প্রবেশ করলেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এসএস