রাজশাহীর বাঘায় পদ্মা নদীর ১৫টি চরে দুই সপ্তাহ পর আবারও পানি বাড়তে শুরু করেছে। সোমবার (৫ অক্টোবর) কয়েকটি রাস্তার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা যায়।
এ বিষয়ে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, দুই সপ্তাহ আগে পদ্মার পানি কমে যায়। শনিবার থেকে আবারও পানি বাড়তে শুরু করেছে। এরই মধ্যে পাকা সড়ক ডিঙিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাস্তার ওপর হাঁটুসমান পানি জমেছে। এই পানি মাড়িয়েই মানুষ চলাচল করছেন।
কালিদাসখালী চরের কলেজপড়ুয়া ছাত্র মিলন খান বলেন, “প্রকৃতির সঙ্গে লড়াই করে চরে বসবাস করতে হচ্ছে। পানির মধ্যে দিয়ে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। আবারও পদ্মায় পানি বাড়ায় আমরা আতঙ্কের মধ্যে আছি।”
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার বলেন, কয়েক বছরের ব্যবধানে পদ্মার ভাঙনে প্রায় সহস্রাধিক বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাট-বাজার, বিজিবি ক্যাম্প এবং হাজার হাজার বিঘা আবাদি-অনাবাদি জমি পদ্মার গর্ভে বিলীন হয়ে গেছে। এ ভাঙনে গৃহহারা হয়েছেন হাজারো পরিবার। পদ্মার চরের ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। পদ্মায় আবারও পানি বাড়ছে। স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছেন।
এএইচ/আরএন