গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংগুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বজ্রপাতে ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ে ক্লাস চলাকালে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, দুপুর ২টার দিকে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এ সময় বিদ্যালয়ের ভবনে ক্লাস চলছিল। একটি বজ্রপাতের বিকট শব্দের পর নিচতলার অন্তত ১৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই ছাত্রী।
পরে শিক্ষক, বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের অটোরিকশায় করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছয়জনকে ভর্তি করা হয়। অন্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের পাশের এক প্রত্যক্ষদর্শী জানান, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পরই বজ্রপাত শুরু হয়। পরে বিদ্যালয়ের নিচতলা থেকে শিক্ষার্থীদের কান্নার শব্দ শুনে সেখানে গিয়ে ১৮ থেকে ২০ জন শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় দেখতে পান।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স আ. মতিন জানান, ছয়জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. তানভীর বলেন, সেখানে কোনো শিক্ষার্থীকে আনা হয়নি।
এনএ/এসএস