দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত মার্চ থেকে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ জনে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০২ জনের।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে হাম পরিস্থিতি নিয়ে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে তিনজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এছাড়া সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ২৯৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মার্চ থেকে এ পর্যন্ত দেশে ১ লাখ ৯৭ হাজার ৭২২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২১ হাজার ৮০৯ জন। তাদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার ৩৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৮ হাজার ১৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এসএস