রাশিয়ার সাইবেরিয়ার প্রত্যন্ত ইর্কুতস্ক অঞ্চলে ২৮ বছর বয়সি এক ল্যাব টেকনিশিয়ান প্লেগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ করে দেওয়াসহ কয়েক শ মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইর্কুতস্কের শেলেখভ শহরের ‘অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউট’-এ এই ঘটনা ঘটে।
মৃত ল্যাব টেকনিশিয়ান দারিয়া শিপিলোভা দুর্ঘটনাবশত টেস্টটিউব ভেঙে নিউমোনিক প্লেগে আক্রান্ত হন বলে জানা গেছে।
এটি অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা না করালে প্রাণঘাতী হতে পারে।
স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের সময় রাখা একটি টেস্টটিউব দুর্ঘটনাবশত ভেঙে যায় বলে দারিয়া নিজেই চিকিৎসা কর্মীদের জানিয়েছিলেন। ওই টেস্টটিউবে জীবিত ব্যাকটেরিয়া ছিল।
গুরুতর নিউমোনিয়ার লক্ষণ নিয়ে গত ২৯ সেপ্টেম্বর শেলেখভের একটি হাসপাতালে ভর্তি হন শিপিলোভা। সেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল এবং পরবর্তীতে ১ অক্টোবর তিনি মারা যান।
তার সংস্পর্শে এসে থাকতে পারেন এমন প্রায় ২০০ জনেরও বেশি মানুষকে বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ইর্কুতস্ক অঞ্চলে জনসমাবেশ ও সব ধরনের সর্বজনীন আয়োজন বাতিল করা হয়েছে।
ইর্কুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমে জানিয়েছিলেন, একটি বিশেষ বিপজ্জনক সংক্রমণের সন্দেহভাজন ঘটনা দেখা দিয়েছে এবং তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
তবে গত রবিবার তিনি নিশ্চিত করে জানান, এটি অজ্ঞাত উৎসের একটি নিউমোনিয়ার ঘটনা ছিল। টেলিগ্রামে এক বার্তায় তিনি লেখেন, রোগীর নমুনায় তার পেশাগত কাজের সঙ্গে সম্পর্কিত কোনো অণুজীব পাওয়া যায়নি।
তিনি আরও জানান, গত ১০ দিনে ইনস্টিটিউটের অন্য কোনো কর্মচারীর মধ্যে সংক্রামক ব্যাধির লক্ষণ দেখা যায়নি।
তিনি বলেন, রোগীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত ও পরীক্ষা করা হয়েছে এবং দৈনিক ল্যাব পরীক্ষার মাধ্যমে তাদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
গত ২ অক্টোবর কোবজেভ জানান, জরুরি প্রতিরোধমূলক পদক্ষেপ সমন্বয়ের জন্য তিনি ভোক্তা সুরক্ষা তদারকি সংস্থা 'রসপোট্রেবনাদজর'-এর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। রসপোট্রেবনাদজর পূর্ণমাত্রায় মহামারি-রোধী পদক্ষেপ বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।
পার্শ্ববর্তী বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সি সিদেনভ ২ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, প্রতিবেশী ইর্কুতস্ক অঞ্চলে এক নারী সম্ভবত প্লেগে মারা গেছেন। তবে তার নিজের অঞ্চলে কোনো প্লেগের প্রাদুর্ভাব নেই বলেও তিনি নিশ্চিত করেন।
সূত্র: এনডিটিভি