ইউক্রেনকে নতুন করে প্রায় ১৪৬ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে জার্মানি। এর মধ্যে রয়েছে সামরিক সহায়তা, রুশ ড্রোন মোকাবিলায় ইন্টারসেপ্টর ড্রোন এবং জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে সহায়তা।
রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
প্যাকেজের মধ্যে ১০০ কোটি ইউরো সামরিক সহায়তা এবং প্রায় ৩৫ কোটি ইউরো জ্বালানি খাতে সহায়তা রয়েছে। সামরিক সহায়তার অর্থ দিয়ে ইন্টারসেপ্টর ড্রোন তৈরি এবং জার্মানির তৈরি আইআরআইএস-টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। পাশাপাশি অতিরিক্ত আইআরআইএস-টি ফায়ার ইউনিট দেওয়ার কথাও জানিয়েছে বার্লিন।
জার্মান অর্থায়নে ইউরোপীয় ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান কোয়ান্টাম সিস্টেমস ইউক্রেনে দশ হাজারের বেশি ইন্টারসেপ্টর ড্রোন উৎপাদন করবে। এসব ড্রোন রাশিয়ার দ্রুতগতির জেটচালিত হামলাকারী ড্রোন মোকাবিলায় ব্যবহার করা হবে।
এ ছাড়া রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো মেরামত এবং শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে প্রায় ৩৫ কোটি ইউরো দেওয়া হবে। এর মধ্যে জেনারেটর সরবরাহ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের অর্থও রয়েছে।
মের্জের কিয়েভ সফরে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি হয়েছে। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, এসব চুক্তির মোট মূল্য ৮৫০ কোটি ইউরোর বেশি।
এফএস