হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে মেজর (অব.) আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।
রোববার দুপুরে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় তার আইনজীবী জামিনের আবেদন করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে মহানগর ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে দেশে ফেরেন। সকাল ৮টা ৫৫ মিনিটে তাদের বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। পরে তারা বিমানবন্দরের ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করে ইমিগ্রেশন শেষে ৮ নম্বর লাগেজ বেল্টে যান।
এজাহারে বলা হয়, ওই সময় যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে ট্রলির সংকট দেখা দেয়। প্রটোকল সহকারীরা সারি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। এতে সরকারি কাজে বাধা, দায়িত্ব পালনরত কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।
মেজর (অব.) আখতারুজ্জামানকে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হয়।
এফএস