সর্বোচ্চ তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্পে ডিপো তৈরির জন্য ১০ একর জায়গা বরাদ্দ পাওয়া গেছে। সরকারের অনুমোদনের পর সেখানে ডিপো নির্মাণের কাজ শুরু হয়েছে। কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।
তিনি আরও জানান, রাজউকের মাধ্যমে সেখানে প্রায় ৭৫ একর অতিরিক্ত জায়গা পাওয়ার প্রক্রিয়া রয়েছে। ওই জায়গায় স্থায়ীভাবে বাস টার্মিনাল ও ডিপো নির্মাণের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে দক্ষিণবঙ্গগামী ১৯ জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাকও সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, চুনকুটিয়ায় একটি মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব গড়ে তোলা হবে। পর্যায়ক্রমে দক্ষিণবঙ্গের ১৯ জেলার বাসসহ অন্যান্য পরিবহন সেখানে নেওয়া হবে। স্থায়ী টার্মিনাল ও ডিপো নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত ১০ একর জায়গায় অস্থায়ীভাবে গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাস টার্মিনাল স্থানান্তর করা হবে।
বাস টার্মিনাল স্থানান্তরের সময়সীমা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ কাজের জন্য সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে।
এদিকে মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, টার্মিনালটি একটি শৃঙ্খলাবদ্ধ ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হবে। নিয়মের বাইরে কেউ অনিয়ম করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরএন