মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে গত সেপ্টেম্বর মাসে ২২টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে বিভিন্ন প্রজাতির সাপ, অজগর, বনবিড়াল, গন্ধগোকুল, মুখপোড়া হনুমান ও শালিক রয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, সেপ্টেম্বরজুড়ে মানুষের বসতবাড়ি, চা-বাগান, সড়ক ও মাছ ধরার জাল থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মনোক্লেড গোখরার পাঁচটি বাচ্চা, ১৪ ও ১৬ ফুট লম্বা দুটি অজগর, কয়েকটি পদ্ম গোখরা, বনবিড়ালের তিনটি বাচ্চা, দুটি গন্ধগোকুল ও একটি মুখপোড়া হনুমান। ২৪ সেপ্টেম্বর হাইল হাওরে মাছ ধরার জালে আটকে পড়া একটি অজগরও উদ্ধার করা হয়।
এ ছাড়া নতুন বাজার, ভুড়ভুড়িয়া ও ভাড়াউড়া চা-বাগান, কালিঘাট, লাহারপুর, ইছবপুর, নওয়াগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন প্রজাতির সাপ ও অন্যান্য বন্যপ্রাণী উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়লে আতঙ্কিত হয়ে এগুলোকে হত্যা না করে নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাউন্ডেশন বা বন বিভাগকে খবর দেওয়া উচিত। উদ্ধার করা প্রাণীর প্রজাতি ও শারীরিক অবস্থা বিবেচনা করে উপযুক্ত পরিবেশে সেগুলো অবমুক্ত করা হয়।
তিনি বলেন, বন্যপ্রাণী প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের অসচেতনতা ও আতঙ্কের কারণে অনেক সময় নিরীহ প্রাণী মারা যায়।
এসএস/আরএন