ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ইটনা উপজেলা এনসিপির আহ্বায়ক বহিষ্কার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:৩৬ পিএম আপডেট: ০১.১০.২০২৬ ৩:৪২ পিএম
X
Advertisement

সামাজিক যোগাযোগমাধ্যমে ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জের ইটনা উপজেলা আহ্বায়ক মো. নাজমুল ঠাকুরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে দলটি।

বৃহস্পতিবার সকালে এনসিপির দপ্তর ও জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, নাজমুল ঠাকুরের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার ‘সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ’ প্রমাণিত হয়েছে।

অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম ও ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারের পরামর্শে এবং কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবিরের নির্দেশক্রমে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

দলীয় চিঠি অনুযায়ী, নাজমুল ঠাকুরকে এনসিপির প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক শেখ খায়রুল কবির বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেটি দেখে সত্যি মনে হয়েছে। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা শৃঙ্খলায় বিশ্বাসী। যেকোনো নেতাকর্মীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। এমনকি এটা অব্যাহত থাকবে।’

ভিডিওটি সম্পর্কে বক্তব্য জানতে নাজমুল ঠাকুরের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ভিডিওটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন।

নাজমুল ঠাকুরের দাবি, ইটনার কিছু অমীমাংসিত বিষয়ে তিনি হস্তক্ষেপ করেছেন, যা দেশ ও মানুষের কল্যাণের স্বার্থে করেছেন। এসব কর্মকাণ্ডের কারণে একটি পক্ষ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও তিনি মনে করেন। তাঁর দাবি, ছড়িয়ে পড়া ভিডিওটিও ওই ষড়যন্ত্রের অংশ।

তিনি আরও দাবি করেন, ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তিনি নন। বিষয়টি নিশ্চিত করতে ভিডিওটি মেটাডাটা ও ফ্রেম-বাই-ফ্রেম বিশ্লেষণের জন্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে। শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন পাওয়া যাবে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

প্রতিবেদন হাতে না আসা পর্যন্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে সঠিক তথ্যের জন্য অপেক্ষা করতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন নাজমুল ঠাকুর।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement